রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার সোমপুর বিহার খ্যাত বদলগাছিতে বদলগাছি থানা পুলিশের তৎপরতা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি অটোগাড়ি এবং স্বামী-স্ত্রীসহ তিনজন ছিঁচকে চোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র মতে প্রকাশ, বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা নাজমা বেগমের বাড়ির সামনের খোলা জায়গা থেকে একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে চোরদের ধাওয়া করেন।
খবর পেয়ে এলাকায় নিয়মিত পেট্রোল এ থাকা বদলগাছি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহায়তায় চোরাই ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত বাহন অটোগাড়িসহ তিনজনকে বদলগাছি থানাধীন বারাতৈল এলাকা থেকে আটক করে।
আটককৃতরা হলেন— মোঃ শহীদ (৩৮), পিতা: মোঃ হারুন; মোসাঃ জেসমিন খাতুন (৩০), স্বামী: মোঃ শহীদ, উভয়ের বাড়ি পার নওগাঁ এলাকায় এবং মোঃ সাগর ইসলাম (২৪), পিতা: মোঃ লটুয়া, সাং- রজকপুর ধোপাপাড়া, থানা ও জেলা নওগাঁ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকার জনগন পুলিশের অতি দ্রুত তৎপরতার জন্য ভূয়সী প্রশংসা করেছেন।

