মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিঠু ইসলাম (৩০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন (৪৫) কচুকাটা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।অপর নিহত মুজিবুর রহমান (৫০)পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে। আহত মিঠু ইসলাম (৩০) তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাবুর বাজার এলাকার একটি পুকুরের পানিসেচে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এজন্য পুকুরে একটি বৈদ্যুতিক সেচ পাম্প (মোটর) বসানো হয়। পাম্পটি চালু করার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতার কারণে জালাল, মুজিবুর ও মিঠু বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই জালাল উদ্দিন ও মুজিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত মিঠু ইসলামকে উদ্ধার করে দ্রুত নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

