উজিরপুর বরিশাল, প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ফারুক হোসেন এবং সহকারী শিক্ষক খগেন মন্ডল-কে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
অভিযোগ রয়েছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ইউএনও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে ওই দুইজনকে এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে বহিষ্কার করেন।
এ বিষয়ে ইউএনও মোঃ আলী সুজা বলেন, “পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সত্যতা পাওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কাছে আবেদন করা হবে।

