এম. আর. সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিসে নিয়মিত সেবা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবা গ্রহীতারা। খোলার দিনেও অফিস বন্ধ পাওয়া যাওয়ায় নানা ধরনের সরকারি সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই।
স্থানীয়দের অভিযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী সনদসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ অফিসে এলেও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। এতে সময় ও অর্থ—উভয়েরই অপচয় হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ে অস্থায়ীভাবে পরিচালিত সমাজসেবা অফিসে গিয়ে দেখা যায়, অফিসে তালা ঝুলছে। এ সময় সেবা নিতে আসা বেশ কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যায়।
ভুক্তভোগীরা জানান, দূরদূরান্ত থেকে আসার পরও অফিস বন্ধ থাকায় তারা চরম হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তারা নিয়মিত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, সমাজসেবা অফিস জনগণের গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র হওয়ায় এখানে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, “অফিস খোলা থাকার কথা, বিষয়টি আমার জানা নেই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভুক্তভোগীরা দ্রুত বিষয়টি তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

