জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী। গত শুক্রবার পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাঁর আংটিবদল অনুষ্ঠান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ সাদী নিজেই। তিনি জানান, আংটিবদলের সিদ্ধান্তটি পূর্বপরিকল্পিত ছিল না; পারিবারিক আলোচনার পর হঠাৎ করেই আয়োজনটি সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা গেছে, সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।তিনি সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।
শুক্রবার রাজধানীর শাহজাদপুর এলাকায় কনের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটিবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভক্তদের কাছে সুখবরটি পৌঁছে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সবাই।

