রনজিৎ বর্মন শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকায় খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল।
বুধবার(২০মে) খুলনার খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভাগীয় খেলা অনুষ্ঠিত হয় ঝিনাইদহ জেলার সারটিয়া শৈলকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের সাথে। খেলার প্রথমার্ধে শ্যামনগর বালিকা দলের ক্যাপটেন মারিয়া ইয়াসমিন ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে ১ টি গোল করেন। পরবর্তীতে শ্যামনগর বালিকা দলের ক্রীড়া নৈপূণ্যতার কারণে বিপক্ষ দল কোন গোল করার সুযোগ পায়নাই। ফলে ১-০ গোলে সারটিয়া শৈলকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে পরাজিত করে শ্যামনগরের পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল জয় লাভ করে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার(শিক্ষা ও আইসিটি)। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষার সহকারী পরিচালক, খুলনা জেলা শিক্ষা অফিসার প্রমুখ। খেলা চলাকালিন শ্যামনগর বালিকা দলের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ মৃধা, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক তরিকুল ইসলাম,শিক্ষক বিপ্রদাশ মন্ডল প্রমুখ।
শ্যামনগর বালিকা দল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আলমগীর কবীর রানা, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শ্যামনগরের ক্রীড়া প্রেমি ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য যে,পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল ইতিপূর্বে চার বার উপজেলা চ্যাম্পিয়ন,টানা তিনবার জেলা চ্যাম্পিয়ন এবং এই বছর দিয়ে দুইবার বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

