জাতীয় সংসদে খুচরা টাকার সংকটের কারণে কম দামের সিগারেট কিনতে গিয়ে ক্রেতাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এ পরিস্থিতিতে যে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে, তার কোনো অংশই সরকারি রাজস্ব হিসেবে জমা হচ্ছে না।
সোমবার (২৯ জুন) বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বর্তমানে একটি নিম্নমূল্যের সিগারেটের নির্ধারিত দাম ৬ টাকা ২০ পয়সা হলেও বাজারে খুচরা পয়সার অভাবে সেটি ৭ টাকায় বিক্রি করা হচ্ছে। ফলে প্রতিটি সিগারেটে ৮০ পয়সা অতিরিক্ত পরিশোধ করতে হচ্ছে ক্রেতাদের।
আমির হামজার ভাষ্য, এই অতিরিক্ত অর্থ সরকারের কোষাগারে না গিয়ে অন্যত্র থেকে যাচ্ছে। তার হিসাব অনুযায়ী, কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
বাজেট প্রসঙ্গে তিনি আরও বলেন, ঘোষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য কঠিন হবে। তার মতে, বাজেটের আকার তুলনামূলক কম রাখা হলে ঋণনির্ভরতা কিছুটা কমানো যেত।
এ সময় তিনি অর্থমন্ত্রীর প্রতি বিভিন্ন পণ্যের মূল্য ও কর কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি খুচরা মুদ্রার সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেন, যাতে নির্ধারিত মূল্যেই পণ্য বিক্রি নিশ্চিত করা যায় এবং সম্ভাব্য রাজস্ব ক্ষতি কমে।

