আজ (২৬ অক্টোবর) অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন। ১৮৭৩ সালের এ দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি ‘শেরে বাংলা’ এবং ‘হক সাহেব’ নামে সুপরিচিত ছিলেন।
অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকার সময় কৃষকের কল্যাণে তিনি ঋণ সালিশি আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন পাশ করেন। কৃষির আধুনিকায়নের জন্য প্রতিষ্ঠা করেন ‘দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’, যা বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।
১৯৩৫ সালে কলকাতার মেয়র নির্বাচিত হন তিনি এবং ১৯৩৭ থেকে ১৯৪৩ পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে নিয়ে গঠন করেন যুক্তফ্রন্ট, এবং ১৯৫৪ সালের ১৫ মে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তী বছর পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্বে নিযুক্ত হন।
১৯৫৮ সালের ১ এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাঁকে গভর্নরের পদ থেকে অপসারণ করলে তিনি স্বেচ্ছায় রাজনৈতিক জীবনে অবসর নেন। একই বছরের ২৭ অক্টোবর তাকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাবে ভূষিত করা হয়।
শেরে বাংলা এ কে ফজলুল হক ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চিরনিদ্রায় শায়িত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের সমাধি রয়েছে, যা ঐতিহাসিকভাবে তিন নেতার মাজার নামে পরিচিত।

