চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বান্দরবান-৩০ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম সুজা উদ্দিনের বিরুদ্ধে এক নারী কর্মীকে হোটেলে ডেকে যৌন হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।
অভিযোগকারী ওই নারী কর্মী সম্প্রতি সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দলীয় কাজের কথা বলে তাকে একটি হোটেলে ডাকা হয়। সেখানে তিনি যৌন হয়রানির শিকার হন এবং ঘটনা কাউকে জানালে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়।
ঘটনার পর অভিযোগকারী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি-জিডি করেছেন বলে জানা গেছে। জিডিতে তিনি হোটেলে ডেকে নেওয়া, অশালীন আচরণ এবং পরবর্তীতে ভয়ভীতি দেখানোর বিষয়টি উল্লেখ করেন।
এ বিষয়ে অভিযুক্ত এস এম সুজা উদ্দিনের বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগ ওঠার পর এনসিপির পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, জিডির ভিত্তিতে ঘটনাটি তারা যাচাই-বাছাই করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

