মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী জেলা:
নীলফামারীর সৈয়দপুরে কাভার্ড ভ্যান ও অ্যাম্বুল্যান্স ব্যবহার করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচারের অভিযোগে সাতজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৮০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
শুক্রবার রাতে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রশাসন এই চক্রের কার্যক্রমের প্রমাণ পায়। অভিযানে পাঁচটি ট্যাংক লরি, একটি অ্যাম্বুল্যান্স, একটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এসব যানবাহনের ভেতরে ড্রাম ও জারকিনে করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। পরে একজনকে ২ লাখ টাকা এবং বাকি ছয়জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
প্রশাসনের তথ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স ও কাভার্ড ভ্যান ব্যবহার করে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন ও মজুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জব্দ করা জ্বালানি তেল বৈধ পাম্পের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

