গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে দেশের স্কুল ও কলেজে আবারও শুরু হচ্ছে পাঠদান কার্যক্রম। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা ফিরছে শ্রেণিকক্ষে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করে।
ছুটির নির্ধারিত সময় শেষ হয় ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে।
এদিকে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি তুলনামূলকভাবে দীর্ঘ সময় চলবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন (রোববার) থেকে এসব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।

