রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের হত্যাকারীদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আশ্বাসের পর রামিসার পরিবার ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা এলাকায় পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার বাবা আবদুল হান্নান মোল্লা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের ওপর তিনি আস্থা রাখছেন এবং দ্রুত ও সুষ্ঠু বিচার পাওয়ার আশা করছেন। পাশাপাশি তিনি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এর আগে স্থানীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

