মোঃ মামুন মোল্লা, খুলনা প্রতিনিধি:
কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্তযুক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) খুলনার দৌলতপুর এলাকায় যশোর রোডস্থ বিজেএ ভবনের সামনে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ও সংশ্লিষ্ট শ্রমিক-ব্যবসায়ী নেতারা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি তালিকায় অন্তর্ভুক্ত করার পর থেকে কার্যত রপ্তানি বন্ধ হয়ে গেছে। এতে দেশের পাট খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
তারা অভিযোগ করেন, কোনো আলোচনা ছাড়াই নেওয়া এ সিদ্ধান্তের কারণে পাট রপ্তানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সারা দেশের লক্ষাধিক শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।
বক্তারা আরও জানান, চলতি মৌসুমে দেশে পর্যাপ্ত কাঁচা পাট উদ্বৃত্ত থাকলেও রপ্তানি বন্ধ থাকায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। এতে আগামী মৌসুমে পাট চাষে আগ্রহ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, পাট রপ্তানি থেকে বছরে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও বর্তমান পরিস্থিতিতে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্ত প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের ক্ষতিপূরণ ও খাত পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিক ও ব্যবসায়ী নেতারা।

