আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :
উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ১৮ মে সকাল ১১টা থেকে শুরু হয় অষ্টম দিনের অবস্থান কর্মসূচি।
পরে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার এবং উপাচার্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষক ও কর্মকর্তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় তাদের আন্দোলন চলমান থাকবে”।
গত ১১ মে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনে নামেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। আন্দোলনের মধ্যে স্থানীয় যুবদলের হামলায় কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই ক্যাম্পাসে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে”।

