নির্বাচন কমিশনকে নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভবিষ্যতে কোনো গণঅভ্যুত্থান হলে সংস্কারের প্রথম ধাপ হিসেবে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। এসব ঘটনার দায়ে নির্বাচন কমিশনকে ভবিষ্যতে জবাবদিহির মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যদি স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তবে কঠোর আন্দোলনের পথে যাবে তার দল। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচন পরিচালনায় বিভিন্ন সরকারি ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি অতীত নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, কিছু ঘটনায় বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল, যা ভবিষ্যতে আর দেখতে চান না বলে মন্তব্য করেন তিনি।

