নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৭৯৪ জন উপকার ভোগীর মাঝে ভার্চুয়াল মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলম ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি যেসব কথা বলেন, সেগুলো বাস্তবায়নের জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত করেন এবং পরিকল্পনা গুলো সুসংগঠিতভাবে সাজিয়ে রাখেন। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর এখন তিনি সেই পরিকল্পনা গুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন।
তিনি বলেন, “একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য শুধু একজন নেতার ইচ্ছা থাকলেই হবে না, সমাজের ভাল ও মানবিক মানুষদেরও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বহুদিন ধরেই ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড ও ফোর্স কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করে আসছিলেন। প্রবাসে থাকাকালীন সময়েও তিনি দিনরাত পরিশ্রম করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন এবং দেশের মানুষের কল্যাণে এসব পরিকল্পনা সাজিয়ে রেখেছেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ অতীতে এ ধরনের পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ খুব কমই দেখেছে। আজ দেশের সর্বস্তরের মানুষ এসব কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছে। গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে লাখো মানুষের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন— ‘আই উইশ এ প্ল্যান’। এটি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনার ঘোষণা ছিল। তিনি তখনই সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন এবং এখন সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।”
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অনলাইনের মাধ্যমে মোট ১ হাজার ১০ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭৯৪টি পরিবারকে সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

