বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান সময়ে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের আরও দক্ষ, সচেতন ও প্রশিক্ষিত হয়ে উঠতে হবে।
বুধবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা-এ ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে তিনি প্রশিক্ষণার্থীদের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
আইজিপি বলেন, পুলিশে যোগদান শুধু একটি চাকরি নয়, বরং এটি একটি সেবামূলক পেশা। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠাই এই পেশার মূল দায়িত্ব। তিনি পেশাগত জীবনে সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। দায়িত্ব পালনে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতা বজায় রাখার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দুই বছরের প্রশিক্ষণ শেষে ২০৯ জন সাব-ইন্সপেক্টরকে বিভিন্ন জেলায় প্রবেশনারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। সমাপনী কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের পুরস্কারও প্রদান করা হয়।

