সাবের হোসেন
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে বিশেষ পুরস্কার কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন জেমিন।
ঘোষণা অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
এছাড়া, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এসব শিক্ষার্থীর প্রথম বর্ষের প্রাতিষ্ঠানিক সকল ব্যয় বহন করবেন মো. সাজ্জাদ হোসেন জেমিন।
এ বিষয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, মেধার মূল্যায়ন এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যারা ভালো ফলাফল করবে, তাদের যথাযথ সম্মান ও প্রণোদনা দেওয়া হলে অন্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
শিক্ষার্থীদের মধ্যে এ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অনেকের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং উচ্চশিক্ষায় মেধাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

