আবু রায়হান, বাউফল, পটুয়াখালী, প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাওন খান (৩২) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মো. নোমান দাসপাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন খানের সঙ্গে অভিযুক্ত নোমানের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বুধবার (৫ মে) বিকেল ৫টার দিকে নোমান ও তার সহযোগীরা শাওন খানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে কবরস্থান রোড এলাকায় শাওন খানকে একা পেয়ে লাঠিসোটা দিয়ে হামলা চালানো হয়।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শাওন খান বাদী হয়ে নোমান, তার ছোট ভাই নাজমুল এবং বাবা মজিবরসহ কয়েকজনকে আসামি করে বাউফল থানায় অভিযোগ দেন।
ভুক্তভোগীর দাবি, হামলায় নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ছাত্রশিবিরের সাবেক নেতা নোমান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

