বাংলাদেশে হাম-রুবেলা, ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে। বুধবার (৬ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছায়।
টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে তিনি নিজে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকার চালান আনা হয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিতে ব্যবহারের কারণে কিছু টিকার ঘাটতি দেখা দিয়েছিল, যা এই চালানের মাধ্যমে পূরণ করা হবে।
এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকা অন্তর্ভুক্ত রয়েছে।
চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে এবং ভবিষ্যতে টিকার কোনো সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী ২৪ দিনের মধ্যে টিকা আনার মাধ্যমে একটি রেকর্ড তৈরি হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী ১০ মে’র মধ্যে প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ বিভিন্ন ধরনের টিকা দেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

