জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ সময় সংসদ বর্জন করলে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয় এবং এতে সাধারণ মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হয়। তিনি বিরোধী দলকে অকারণে ওয়াকআউট না করার আহ্বান জানান।
শনিবার (১৮ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট বিরোধী দলের রাজনৈতিক অধিকার হলেও তা যেন দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করা হয়। রাজনৈতিক লক্ষ্য অর্জনের পাশাপাশি জনগণের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী উভয় পক্ষকেই সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, অতীতের দীর্ঘ সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় রাষ্ট্রীয় ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে, যা ধরে রাখতে হবে।
সরকার ও বিরোধী দল উভয়কেই সংসদে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য পারস্পরিক সহযোগিতা জরুরি।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

