খুলনায় ১৬ বছর বয়সী কিশোরী আরফানা হোসেন নির্জনাকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, গত বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়।
তদন্তের অংশ হিসেবে পিবিআই, সিআইডিসহ বিভিন্ন সংস্থার সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ, বেতার বার্তা প্রচার এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়। পরিচয় নিশ্চিত না হওয়ায় শুক্রবার (১০ জুলাই) অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে পুলিশ।
তদন্তের ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের পরিচয় নিশ্চিত হয়। তিনি সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা আরফানা হোসেন নির্জনা। এরপর তার মাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। পরে পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, মেয়ের একাধিক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন তর্কের একপর্যায়ে বাবা মো. আলিম হোসেন আকাশ লাঠি দিয়ে মেয়ের মাথায় কয়েকটি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পরে ঘটনাটি আড়াল করতে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, যেহেতু নিহতের বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

