মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় তিন চাকার একটি ট্রলি উল্টে মালিক নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ মে) সকালে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।
নিহত হানিফ মাঝি (৩৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রলিচালক মো. ইমন।
তিনি বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠিয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানপাশা বাজার থেকে তেল খালাস করে তিন চাকার ট্রলিটি বাখরকাঠির উদ্দেশ্যে ফিরছিল। পথে কালিবাড়ি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মালিক হানিফ মাঝি।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত চালককে প্রাথমিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।
এ বিষয়ে ওসি আরিফুল আলম জানান, “সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

