সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শ্রীমঙ্গল। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় মোট ১৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়। এর মধ্যে চিত্রাঙ্কনে ক,খ ও গ গ্রুপ থেকে ৮ জন এবং কুইজ প্রতিযোগিতায় একই গ্রুপ থেকে ১০ জন শিক্ষার্থী পুরস্কার লাভ করে। বিজয়ীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিনয় সিং (স্যানিটারি ইন্সপেক্টর)। এছাড়া উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ দেব,অফিস সহকারী মো. সোহেল আহমেদ এবং শহীদ সাজ্জাদ বিজিবি পাবলিক হাই স্কুলের শিক্ষকবৃন্দ-স্বপন কান্তি পাল,ইমরান হোসেন,মোমিতুর নাহার বেগম,জান্নাতুন নেসা ও ইমামা নাসরিন মমতা।
ডা. সিনথিয়া তাসমিন তাঁর বক্তব্যে বলেন,পুষ্টি নিশ্চিতে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি, ফলমূল ও সুষম খাবারের ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য আয়রন,ক্যালসিয়াম ও আয়োডিনসমৃদ্ধ খাবার গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,আয়রন ট্যাবলেট গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তিনি।
ডা. বিশ্বজিৎ দেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতন হতে হবে। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার থেকে দূরে থেকে পুষ্টিকর খাবার যেমন দুধ,ডিম,কলা এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।
অন্যদিকে শিক্ষক ইমরান হোসেন বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ দেন এবং এমন আয়োজনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সার্বিকভাবে,এ আয়োজনের মাধ্যমে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

