ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ মে) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের গত ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে ২ মে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। পরে বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার গেজেট প্রকাশ স্থগিত রাখার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি জানান, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন এবং বিষয়টি বিচারাধীন রয়েছে।
তবে সব আইনি প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন নুসরাত তাবাসসুমকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।

