ফেনী জেনারেল হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দীর্ঘদিন ধরে রান্নাবান্নার অভিযোগ উঠেছে। সেখানে প্রতিদিন সিজারিয়ান অপারেশন চললেও কিছু সিনিয়র স্টাফ নার্স গ্যাসের চুলায় রান্না করছেন এবং একই কক্ষকে শয়নকক্ষ হিসেবেও ব্যবহার করছেন। এ কারণে প্রসূতি মা ও নবজাতকরা মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, অপারেশন চলাকালীন রোগীর স্বজন এবং হাসপাতালের অন্যান্য লোকের অবাধ যাতায়াত রয়েছে, এবং কিছু নার্স থিয়েটারকে রান্নাঘর ও শয়নকক্ষে পরিণত করেছেন।
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিনকে। সদস্য হিসেবে রয়েছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে আছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়।
তদন্ত কমিটির সদস্য সচিব ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় জানিয়েছেন, “অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল স্থানে রান্না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখব এবং প্রতিবেদন জমা দেওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, “অপারেশন থিয়েটার একটি অত্যন্ত সংরক্ষিত এলাকা। সেখানে রান্না করা কখনোই কাম্য নয়। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
রোগীর স্বজনদের মধ্যে এ ঘটনায় ক্ষোভও দেখা দিয়েছে। আইরিন আক্তার নামে এক সেবাগ্রহীতা বলেন, “যাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণ করার দায়িত্ব, তাদের কাছেই আমরা অনিরাপদ। সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে এ ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া সম্ভব নয়।”

