পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য যেকোনো নাশকতা মোকাবিলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, নববর্ষ উপলক্ষে সারা দেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে এবং মোট ৩০৮টি টহল টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে ইতোমধ্যে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং এবং রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
নারীদের নিরাপত্তায় ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সন্দেহজনক কোনো ঘটনা দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

