ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের সংরক্ষণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে নারী সংরক্ষণ বিল, সীমানা পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অমিত শাহ বলেন, সংবিধান অনুযায়ী ধর্মের ভিত্তিতে কোনো কোটা বা সংরক্ষণ দেওয়া যায় না। তার দাবি, মুসলিমদের ক্ষেত্রে ধর্মভিত্তিক সংরক্ষণ সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
তিনি আরও বলেন, এই বিষয়ে কোনো ধরনের প্রশ্নের সুযোগ নেই।
আলোচনার সময় বিরোধী দল সমাজবাদী পার্টির পক্ষ থেকে উত্থাপিত মন্তব্যের জবাবে তিনি পাল্টা বক্তব্য দেন। পরে তিনি বলেন, আসন্ন জনগণনা ইতোমধ্যে শুরু হয়েছে এবং এর মাধ্যমে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকার জাতভিত্তিক জনগণনা (caste census) পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই প্রক্রিয়াও এগোচ্ছে।

