স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে এখনো নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।
সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নিজেদের প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করতে পারে। তিনি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অতীতে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই সব পক্ষ—রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
নাসির উদ্দিন জানান, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফলভাবে আয়োজন করতে পারে না। এজন্য সমন্বিত উদ্যোগ এবং ব্যাপক জনসচেতনতা কার্যক্রম প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

