চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে র্যাবের ওপর হামলায় জড়িতরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “চট্টগ্রামে র্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনা একটি ঘৃণিত কাজ। যারা এই হামলায় জড়িত, তাদের সকলকে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।”
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে র্যাব-৭ একটি অভিযান চালিয়ে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় আসামিদের গ্রেপ্তার করতে যায়। অভিযানের সময় সন্ত্রাসীরা র্যাবের চার সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে। পরে উদ্ধারকালে চিকিৎসক র্যাব-৭-এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।
শফিকুল আলম আরও বলেন, আসন্ন নির্বাচনে কোনো ধরনের শঙ্কা নেই। সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান প্রোপাগান্ডার বিষয়ে সতর্ক করেন এবং নিশ্চিত করেন, “নির্বাচন নির্ধারিত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে—এক দিন আগে বা পরে নয়।”

