আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৮ মে) নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন অর্থবছরের শুরু থেকেই সংশোধিত বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে বাজেটের সীমাবদ্ধতার কারণে কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হবে না।
তিনি আরও জানান, কীভাবে কার্যকরভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে কাজ চলছে।
সূত্র অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর থেকেই নবম পে স্কেল চালুর জন্য নীতিগত নির্দেশনা রয়েছে এবং এ জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। তবে পুরো কাঠামো একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি করা হবে এবং পরবর্তী দুই অর্থবছরে বাকি সুবিধাগুলো পর্যায়ক্রমে কার্যকর করা হবে।
সরকারি হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন হবে, যা ধাপে ধাপে বহনযোগ্যভাবে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২১ মে বাস্তবায়ন সংক্রান্ত কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

