এম এ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় ও উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে চলমান দেওয়ানী মামলার প্রতিবাদ ও প্রতিকার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের মাঠে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি স্থানীয় শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কিন্তু বর্তমানে বিদ্যালয়ের নামে দানকৃত জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ বিরোধ নিষ্পত্তি করে বিদ্যালয়ের স্বার্থ রক্ষার দাবি জানান।
জানা যায়, সিনিয়র সহকারী জজ আদালত, মুন্সীগঞ্জে দায়েরকৃত দেওয়ানী মোকদ্দমা নং-৮০/২০২৪ মামলায় জমির মালিকানা ও দখল নিয়ে বাদী-বিবাদীপক্ষের মধ্যে বিরোধ চলছে। ১৯৮৩ সালের ১ নভেম্বর নিবন্ধিত ১৮৯৩ নং দানপত্র দলিলের মাধ্যমে স্থানীয় জনগণের শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৫ শতাংশ জমি দান করা হয়।
১৯৬০ সালে রেজিষ্টিকৃত ৪৭৬১ নং দলীল মূলে মীর ইদ্রিস আলী, মীর ইলিয়াস আলী, মীর ইব্রাহীম, মীর ইস্রাফীল, মীর ইসরাইল তারা বাসাইল উচ্চ বিদ্যালয়ের নামে ১৫১ শতাংশ সাফ কবলা দলীল দিয়ে দখল বুঝিয়ে দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাসুূদ আলী খান গংরা বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ সৃষ্টি করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের জমি সংরক্ষণ, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং দ্রুত মামলার সুষ্ঠু নিষ্পত্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয় সভাপতি মীর উজ্জ্বল হোসেন, বাসাইল ইউনিয়নের বিএনপি’র সভাপতি মানিছ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান একেএম আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন, সাবেক চেয়ারম্যান তাইফুল আলম ঢালু,
ঝিকুট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মো. সাইদুল বাশার, আজমল ফাউন্ডেশন এর এমডি মীর আতাহার আলী জুয়েল, বিশিষ্ট সমাজ সেবাক মো. আক্কাস আলী,বিএনপির ৮ নং ওয়ার্ড সভাপতি হাজী রুহুল আমীন, সাবেক প্রধান শিক্ষিক আমান উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম শিকদার, চাইল্ড রিসার্চ কেয়ার এর চেয়ারম্যান নজরুল ইসলাম, সমাজ সেবক মতিম আজহারী।

