গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশব্যাপী দ্বিতীয় দফার কর্মসূচি চলবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল, ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে জেলা পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে ধারাবাহিকভাবে সেমিনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট ও জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি দাবি করেন, জনগণের রায় উপেক্ষা করা হয়েছে এবং আন্দোলন দমনে সরকার দমননীতি গ্রহণ করছে, যা ফ্যাসিবাদী আচরণের শামিল।
তিনি আরও অভিযোগ করেন, দেশের সাম্প্রতিক তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে।
১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

