সঞ্জয় মালাকার,রাজনগর মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগরে মানবসেবার ব্রত নিয়ে অসহায়, সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘নাজাত ইসলামি মারকাজ’।
শনিবার (১৩ জুন) রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
দিনব্যাপী এই মানবিক কার্যক্রমে উপজেলার ১০ জন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিকে চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫০টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সহায়তা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজাত ইসলামি মারকাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ হামিদী বলেন:
“ইসলামের অন্যতম প্রধান শিক্ষা হলো আর্তমানবতার সেবা। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবকল্যাণমূলক এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শেখ হোসাইন আহমদ হামিদী। এছাড়া পুরো অনুষ্ঠানটি বাস্তবায়নে সমন্বয় ও সহযোগিতা করেন আব্দুর রহমান সোহেল, মাওলানা এনামুল হকসহ নাজাত ইসলামি মারকাজের সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সাহায্য পেয়ে উপকারভোগীরা প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতে তাদের এই মানবিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা হবে এবং ধারাবাহিকতা বজায় রাখা হবে।

