কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে ইউএনও বিদ্যালয় এলাকা পরিদর্শন করে অস্থায়ীভাবে পাইপলাইন বসিয়ে পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, সরকারি বরাদ্দ না থাকায় ব্যক্তিগত উদ্যোগে এক লাখ টাকা ধার করে আপাতত পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি স্থায়ীভাবে সমস্যা সমাধানের জন্য খুব শীগ্রই ড্রেনেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়সংলগ্ন একটি কালভার্ট কয়েক মাস আগে ভেঙে যাওয়ার পর সেটি পুনর্নির্মাণ না হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। পরে কালভার্টের মুখের দুই পাশে বালু ভরাট করায় পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ, বারান্দা ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগের পাশাপাশি পাঠদান কার্যক্রমও ব্যাহত হতে থাকে।
শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে গিয়ে বই-খাতা ও পোশাক ভিজে যায়। শিক্ষকরা বলেন, জলাবদ্ধতার কারণে মশা-মাছির উপদ্রব ও দুর্গন্ধে স্বাভাবিক পরিবেশে পাঠদান সম্ভব হচ্ছিল না।
সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি বলেন, ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণ এবং একটি স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হলে সমস্যার স্থায়ী সমাধান হবে।
পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ফিরোজ কবীর, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট জমির মালিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনওর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা জানান, মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় নবাগত ইউএনও প্রশংসার দাবিদার। অনেকেই বলেন, এমন জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা দেশের প্রতিটি উপজেলায় থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসত।
#

