নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৈশভোজে সাক্ষাৎকালে রায়পুরার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা, আধুনিক চিন্তাভাবনা এবং দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশে রূপান্তরের সুদূরপ্রসারী ভিশনের ভূয়সী প্রশংসা করেন এমপি আশরাফ উদ্দিন বকুল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো সময়ের প্রয়োজন বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া এবং দেশের উন্নয়নকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে যুক্ত করা। তাঁর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনা দেশের প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে মেঘনা নদীবেষ্টিত রায়পুরার বাস্তবতা ও দীর্ঘদিনের উন্নয়ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি উন্নয়ন দাবিনামা উপস্থাপন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ সময় তিনি রায়পুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও নদীতীরবর্তী এলাকার স্থায়ী সুরক্ষার বিষয়টিও তিনি তুলে ধরেন।
এছাড়া রায়পুরার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ উন্নয়ন, গুরুত্বপূর্ণ এলাকায় সেতু নির্মাণ এবং রাজধানী ঢাকার সঙ্গে আঞ্চলিক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানান এমপি বকুল।
রায়পুরার চরাঞ্চলসহ পুরো উপজেলার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও জোর দেন তিনি।
বিশেষ করে তরুণদের জন্য আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার বিস্তারে সরকারের কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সংসদ সদস্য।
এ সময় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়নমুখী চিন্তাধারার মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এমপি বকুল আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদকালেই রায়পুরার উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত অনুমোদন পাবে। এর মাধ্যমে মেঘনাবেষ্টিত রায়পুরাকে একটি আধুনিক, মডেল ও উন্নত উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের এই সাক্ষাৎকে রায়পুরার উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

