সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
“সুরক্ষিত মা,সুস্থ শিশু: প্রাতিষ্ঠানিক ডেলিভারিতেই নিরাপদ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আমরাইল চা বাগানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার গর্ভবতী মায়েরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা,নিরাপদ মাতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক প্রসব বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
তিনি বলেন,”গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং হাসপাতালে প্রশিক্ষিত চিকিৎসক ও ধাত্রীর তত্ত্বাবধানে প্রসব নিশ্চিত করা হলে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। প্রতিটি গর্ভবতী মায়ের উচিত নির্ধারিত সময়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় সেবা গ্রহণ করা এবং নিরাপদ প্রসবের জন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারিকে অগ্রাধিকার দেওয়া।”
সমাবেশে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার সজীব কৈরী বলেন,”গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,পুষ্টিকর খাদ্য গ্রহণ, প্রয়োজনীয় টিকা ও চিকিৎসকের পরামর্শ অনুসরণ করলে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা সহজ হয়। পরিবার ও স্বজনদেরও এ বিষয়ে সচেতন থেকে গর্ভবতী মায়েদের পাশে দাঁড়াতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং রাউতিয়া,স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা খানম,কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার সজীব কৈরী এবং স্বাস্থ্য সহকারী মো. রহুল আমিন।
আয়োজকরা জানান,সমাবেশের মূল উদ্দেশ্য ছিল প্রাতিষ্ঠানিক ডেলিভারি বা হাসপাতালে নিরাপদ প্রসব নিশ্চিত করা,মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রসব-পূর্ব ও প্রসব-পরবর্তী পরিচর্যা সম্পর্কে গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় তথ্য প্রদান।
সমাবেশে মোট ৩২ জন গর্ভবতী মা অংশ নিয়ে সরাসরি স্বাস্থ্যসেবা গ্রহণের পাশাপাশি নিরাপদ মাতৃত্ব, প্রসব-পরবর্তী পরিচর্যা এবং নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক শিক্ষা গ্রহণ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,এ ধরনের উদ্যোগ প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি এবং মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

