মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি মাছের ফিসারিতে জাল টানার সময় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ শশীদল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মাছের ফিসারিতে জেলেরা জাল ফেললে ভারি কিছু একটা আটকা পড়ার আভাস পান। পরে জাল টেনে ওপরে তুললে প্রায় ১ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মর্টার শেল দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় করেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। বর্তমানে মর্টার শেলটি পুলিশ, বিজিবি ও গ্রাম পুলিশ সদস্যদের সমন্বয়ে কঠোর পাহারায় রাখা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মর্টার শেলটি দেখতে অত্যন্ত পুরোনো এবং এটি দীর্ঘদিন পানির নিচে নিমজ্জিত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত কোনো সরঞ্জাম হতে পারে।
ওসি আরো বলেন ”নিরাপত্তার স্বার্থে আমরা সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছি। বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে, তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে পরবর্তী আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

