ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২০২৬ সালের ফেব্রুয়ারি) ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ফলাফল ঘোষণা করেন। এ সময় মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে ধারণ করে শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে প্রার্থীদের নির্বাচন করা হয়।
এবার ময়মনসিংহ জেলায় মোট ৯৬ জন প্রার্থী টিআরসি পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানায় জেলা পুলিশ।
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

