মো আলম, বান্দরবান প্রতিনিধি
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মেম্বার মো. মোরশেদ। তার নিজস্ব উদ্যোগে ইউনিয়নের ছাইঙ্গা এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার দুপুরে ছাইঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ১৫০টির বেশি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, চিনি ও বিশুদ্ধ খাবার পানিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।
বিতরণকালে মোরশেদ মেম্বার বলেন, “প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি কষ্টে পড়ে প্রান্তিক মানুষ। দলমতের ঊর্ধ্বে উঠে এই কঠিন সময়ে সবার পাশে থাকাটাই আমাদের দায়িত্ব। বন্যার পানি কমা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখা হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, ভারী বৃষ্টিতে ছাইঙ্গা এলাকার নিচু পাড়ার বেশ কয়েকটি ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার খাবার সংকটে পড়েছিল। এমন সময়ে এই খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন তারা।
উপকারভোগী মোছা. রাহেলা বেগম বলেন, “ঘরের সব ডুবে গেছে, রান্না করতে পারি নাই। মেম্বার ভাই নিজে এসে খাবার দিয়ে গেছেন। আল্লাহ উনারে ভালো রাখুক।”
বিতরণ কার্যক্রমে তারাছা ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকরা স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করেন।

