প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন।
আফরোজা আব্বাস আরও বলেন, চিকিৎসা প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে তিনি দেশবাসীর দোয়া কামনা করেন।
এর আগে পারিবারিক ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। পরবর্তীতে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে নিয়মিত থেরাপির মাধ্যমে তার শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
চিকিৎসকদের মতে, বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ হলেও পূর্ণ সুস্থতার জন্য আরও কিছু সময় ও নিয়মিত চিকিৎসা প্রয়োজন।

