মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মিলনবাজার এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক চম্পকনগর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। মিলনবাজার এলাকায় চলমান সড়ক নির্মাণকাজের একটি রোলারকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে উল্টে পড়ে।
দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক আবুল কালাম (৩৫), হেলপার জয়নাল (২২) এবং শ্রমিক আমিনুল হক (২৫) ও শফিকুল ইসলাম (২২)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে চলমান নির্মাণকাজের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সতর্ক সংকেতের অভাব এবং চালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

