মো আলম,বান্দরবান প্রতিনিধি:
বাইশারীর ২৮০ নং আলীক্ষ্যং মৌজার ‘হাতির ডেরা’ নামক জনমানবশূন্য গহীন পাহাড়ি এলাকা থেকে পুলিশ একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে। কঙ্কালটির পাশে একটি ব্যাগও পাওয়া গেছে, যা পরিচয় শনাক্তের গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দীর্ঘ সময় ধরে পড়ে থাকার কারণে দেহটি কঙ্কালে পরিণত হয়েছে। মৃত ব্যক্তি নারী নাকি পুরুষ, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত ব্যাগটির মালিকানা বা সূত্র সম্পর্কে তথ্য পাওয়া গেলে হতভাগ্য মানুষটির পরিচয় উদঘাটন এবং ঘটনার রহস্য উন্মোচনে সহায়ক হতে পারে।

