উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার বাটাজোর–শরিকল সড়কের শাহজিরা এলাকায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কের পাশের খাল ভেঙে পড়ছে, ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে হুমকির মুখে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহজিরা এলাকায় সড়কের পাশের খালে ভাঙন দেখা দিলেও তা রোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙনের পরিধি বাড়তে থাকায় সড়কের একটি বড় অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সম্প্রতি তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপনের গাড়িবহর ওই ঝুঁকিপূর্ণ সড়ক অংশ অতিক্রম করার সময় স্থানীয়রা একটি ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি গণমাধ্যমকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের দাবি, ভিডিওতে সড়কের নাজুক অবস্থা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং উপজেলা প্রকৌশল দপ্তরের তদারকির অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বর্ষা মৌসুমে ভাঙন আরও তীব্র আকার ধারণ করলে সড়কটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাটাজোর–শরিকল সড়কটি ঢাকা-বরিশাল মহাসড়কের সঙ্গে গৌরনদী উপজেলার শরিকল, বাবুগঞ্জ উপজেলার আগরপুরসহ বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। স্থানীয়দের মতে, সড়কটি ক্ষতিগ্রস্ত হলে প্রায় এক লাখ মানুষের যাতায়াত, শিক্ষা কার্যক্রম, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে এলাকাবাসী জরুরি ভিত্তিতে ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
স্থানীয়রা উপজেলা প্রকৌশলী, প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বড় ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

