দেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটিয়ে উঠতে তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনসংখ্যার তুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীর সংখ্যা এখনও প্রয়োজনের তুলনায় কম, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে সরকার। তার মতে, নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরি হলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসাসেবা পাবে।
তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বাড়লেও সেই অনুপাতে স্বাস্থ্যসেবা প্রদানকারী জনবল বৃদ্ধি পায়নি। তাই এ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এখন সময়ের দাবি।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশে অনেক দক্ষ ও খ্যাতিমান চিকিৎসক রয়েছেন, যারা নতুন নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে কাজ করছেন। একই সঙ্গে বাংলাদেশের ওষুধশিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এ বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তার দাবি, অতীতের তুলনায় এবার পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নে উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নতুন স্বাস্থ্য উদ্যোক্তা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

