ভারতের মুম্বাইয়ে টানা মৌসুমি বৃষ্টির মধ্যে একটি পুরোনো ভবন ধসে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত কয়েক দিনে মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ১০০ মিলিমিটারের বেশি এবং কোথাও কোথাও ১৬১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
প্রবল বর্ষণের কারণে নগরজুড়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতির কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যেই রোববার মানখুর্দ এলাকার একটি বস্তিতে দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ে।
নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পাঁচ শিশু ও এক নারীর প্রাণহানি হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, ভারী বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। নিরাপত্তার কারণে সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, ফলে দুই শহরের মধ্যে যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান ও রেল যোগাযোগেও। মুম্বাই থেকে ছেড়ে যাওয়া এবং সেখানে অবতরণকারী কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি মুম্বাই-পুনে রুটে চলাচলকারী কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে।

