আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি কক্সবাজার সফরে এসেছেন। শুক্রবার সরকারি সফরে ঢাকা থেকে মন্ত্রী কক্সবাজার বিমানবন্দর এসে পৌঁছালে জেলা প্রশাসন এবং গণপূর্ত বিভাগ কক্সবাজার জেলার দায়িত্বশীলরা ফুলেল শুভেচ্ছা জানান।
এদিন মন্ত্রী সফরসূচি অনুযায়ী গণপূর্ত বিভাগ কক্সবাজার পরিদর্শন করেন। এসময় মন্ত্রীকে নির্মাণাধীন কক্সবাজার মেডিকেল কলেজ সম্পর্কে ব্রিফিং করেন গণপূর্ত বিভাগ কক্সবাজার জেলা নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী।
বাংলা এফএমকে অভিজিৎ চৌধুরী জানান, কক্সবাজারসহ দেশের চারটি জেলায় মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার, হোস্টেল, রেস্টহাউজ নির্মিত হচ্ছে। গণপূর্ত তা বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে মন্ত্রী মহোদয় কক্সবাজার জেলার কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন। তিনি কাজের বিষয়ে জেনে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সাংসদ লুৎফর রহমান কাজল ও এডভোকেট শামীম আরা স্বপ্না।

