শাহজাহান আলী মনন, সৈয়দপুর, নীলফামারী, প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্পমেলায় র্যাফেল ড্র, লটারি, জুয়া, নাচ-গান ও কথিত অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সচেতন জনতা, সৈয়দপুর।
বুধবার দুপুরে সংগঠনের সভাপতি মুফতী গোলাম রব্বানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান-এর হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় উপদেষ্টা হাফেজ মুহাম্মদ নুরুল হুদা, হাফেজ ইসমাইল রিয়াজী, মাওলানা ছগির আলী ও অ্যাডভোকেট গোলাম রব্বানীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে দাবি করা হয়, ক্ষুদ্র ও কুটির শিল্পমেলার আড়ালে র্যাফেল ড্র, লটারি, জুয়া, নাচ-গানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এসব কার্যক্রম সমাজের জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা উল্লেখ করেন।
এছাড়া সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুতের অপচয় হচ্ছে বলেও অভিযোগ করা হয়। মেলায় আগত দর্শনার্থী ও যানবাহনের চাপে সৈয়দপুর বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ, কর্মজীবী এবং বিশেষ করে বিমানযাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
বর্তমানে এইচএসসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, যাতায়াত ও পরীক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।
স্মারকলিপিতে ৪৮ ঘণ্টার মধ্যে মেলার সার্বিক কার্যক্রম বন্ধ করে এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সৈয়দপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

