মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নস্থ দরগারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি গতকাল বুধবার মাঝরাতে বগুড়া জিয়া মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দরগারচর ইদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযাপূর্ব এ বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এ সময় মরহুমের প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে হযরত শাহ হাবিবুল্লাহ শহীদ ইয়ামেনী (রহঃ)- এঁর মাজার শরীফ (বাদলবাড়ী) সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার দরগারচর গ্রামের মৃত শমসের আলী প্রামানিকের দ্বিতীয় পুত্র।

