জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৮ মে) উপাচার্য বরাবর দেওয়া এ স্মারকলিপিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, পরিবেশ রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ক্যাম্পাসের প্রধান ফটকের রাস্তার পশ্চিম পাশে অবস্থিত গাছগুলো দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য ও সৌন্দর্যের অংশ হিসেবে রয়েছে। গাছগুলো যেন কোনোভাবেই কাটা না হয়, সে বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট আশ্বাস দাবি করেন শিক্ষার্থীরা।
এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও আবাসিক হলগুলোতে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানান।
স্মারকলিপিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ধীরগতিতে এগিয়ে চলায় শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসন সুবিধা ব্যাহত হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

